চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ, দেশব্যাপী সহিংসতা এবং জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিলেট মহানগর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা বর্তমান সরকার যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, অল্প সময়ের মধ্যেই ক্ষমতার অপব্যবহার, সহিংসতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে।
তিনি আরও বলেন, দেশে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করেন।
সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের এবং সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান।
