মহাকাশ গবেষণায় নতুন এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। গতকাল শনিবার চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও৩’ (PRSC-EO3) সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। লং মার্চ-৬ রকেটের মাধ্যমে পাঠানো এই স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে, যা পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিতে সক্ষমতার নতুন এক দৃষ্টান্ত।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’র তৈরি এই স্যাটেলাইটটিতে অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডাটা প্রসেসিং ইউনিট যুক্ত রয়েছে। এর ফলে মহাকাশ থেকেই রিয়েল-টাইমে তথ্য বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। এই ইলেক্ট্রো-অপ্টিক্যাল স্যাটেলাইটটির উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং আধুনিক ইমেজিং মডিউল পৃথিবীর উচ্চমানের ও নিখুঁত ছবি নিশ্চিত করবে।
এই হাই-রেজুলেশন ইমেজিং স্যাটেলাইটটি পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, নগরায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৈপ্লবিক ভূমিকা রাখবে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় রিয়েল-টাইম তথ্যের মাধ্যমে এটি জানমাল রক্ষায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত পাকিস্তানের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় নির্ভুল তথ্যের প্রধান উৎস হিসেবে কাজ করবে।
এই অনন্য সাফল্যে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সুপারকোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট জারদারি এই অর্জনকে পাকিস্তানের আত্মনির্ভরশীলতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন এবং এই যাত্রায় কারিগরি সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাকিস্তানের সামরিক বাহিনীও এই সাফল্যকে দেশের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর জন্য এক বিশাল অর্জন হিসেবে দেখছে।
