প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন নির্মাণ করা হবে।
শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বাড়াতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, সুরমা নদীর তীরে শুরু হওয়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
তিনি আরও জানান, সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগ উন্নয়ন, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
