ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতির ছেলে আলিফ তালুকদারকে (২৫) ৬৪ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড এলাকার খাড়াকান্দা থেকে তাকে আটক করা হয়। আটক আলিফ রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ জানায়, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের পাশাপাশি নিজেও মাদক সেবন করতেন। স্থানীয়দের অভিযোগ, বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকায় মাদকের আখড়া বসাতেন এবং দাপটের সাথে এই কারবার চালিয়ে আসছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন আলিফকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অনমনীয় অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে। এই আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







