পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগের জল্পনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার বিকেলে কালীঘাট-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতারা।
নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে সেই জল্পনা নাকচ করে মমতা বলেন, ‘আমরা তো হারিনি। তাহলে পদত্যাগ করব কেন? ইস্তফা দেওয়ার প্রশ্নই আসে না।’
তিনি আরও বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন অন্যায়ের বিরুদ্ধে আরও শক্তভাবে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
নির্বাচনের ফলাফল ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
