কেরালার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রথম নারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতিমা থাহিলিয়া। সোমবার (৪ মে) প্রকাশিত ফলে দেখা যায়, তিনি কোঝিকোড় জেলার পেরাম্ব্রা আসনে এলডিএফ জোটের হেভিওয়েট প্রার্থী ও সিপিআই (এম) নেতা টি পি রামকৃষ্ণনকে পরাজিত করেছেন। ১৯৮০ সাল থেকে বামপন্থিদের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে জয়ী হয়ে ফাতিমা এখন ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
পেশায় আইনজীবী ও কোঝিকোড় পৌরসভার কাউন্সিলর ফাতিমা থাহিলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আইইউএমএল এবার যে দুইজন নারীকে মনোনয়ন দিয়েছিল, তাদের মধ্যে একমাত্র ফাতিমাই জয়ের দেখা পেলেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী দলটির ইতিহাসে প্রথম নারী হিসেবে বিধানসভার সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন।
ফাতিমার রাজনৈতিক যাত্রা শুরু হয় মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের (এমএসএফ) হাত ধরে। তিনি দলটির নারী সংগঠন ‘হারিতা’-র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তবে সংগঠনের ভেতরে যৌন হয়রানির অভিযোগ ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে সোচ্চার হওয়ায় একসময় তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সব বাধা পেরিয়ে বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লিগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিজের যোগ্যতায় বড় জয় ছিনিয়ে নিলেন।
বিশ্লেষকদের মতে, ফাতিমা থাহিলিয়া কেরালায় এক নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন। তিনি শুধু দলীয় কাঠামোর ভেতর থেকেই বড় হয়েছেন তা নয়, বরং নারী অধিকার এবং সংস্কারের প্রশ্নে আপসহীন থেকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বামদের শক্ত ঘাঁটিতে তাঁর এই বিজয় দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে বলে মনে করা হচ্ছে।
