চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল চর-আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নবাসীর জন্য বিশেষ নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই জনকল্যাণমূলক উদ্যোগের কথা জানান। মূলত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটি চালু করা হয়েছে।
সংসদ সদস্য জানান, চরাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা। এতদিন এই এলাকার কোনো মানুষ অসুস্থ হলে ছোট বা বড় নৌকা রিজার্ভ করে শহরে যেতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ করতে হতো। অনেক সময় যাত্রীবাহী নৌকা পূর্ণ হওয়ার অপেক্ষায় থাকতে গিয়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হতো না, যার ফলে মাঝ নদীতেই অনেক রোগীর মৃত্যু হয়েছে।
নব্য চালুকৃত এই নৌ-অ্যাম্বুলেন্সটিতে প্রয়োজনীয় সব ধরনের প্রাথমিক চিকিৎসার সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, উন্নত বেড, রক্তচাপ মাপার যন্ত্র এবং ডায়াবেটিস পরীক্ষার সরঞ্জাম। এর ফলে জরুরি অবস্থায় রোগীরা প্রাথমিক চিকিৎসা নিতে নিতেই দ্রুত মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবেন।
শুধু নদীপথেই নয়, রোগীদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে নদী থেকে নামার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। এই উদ্যোগের মাধ্যমে অবহেলিত চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট লাঘব হবে এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
