বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সভা শুরু হয়। পরে সকাল ১১টার দিকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক।
সভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন। বৈঠকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ের বিরোধ নিরসন এবং সাংগঠনিক নেতৃত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
দলীয় সূত্র আরও জানিয়েছে, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের জানান, এ মতবিনিময় সভার মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার রূপরেখা তুলে ধরা হবে।
