শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতার কেটে এক অনন্য রেকর্ড গড়েছেন ভারতের ব্যাঙ্গালোরের এক যুগল। দানিশ আব্দি ও ভ্রুশালি প্রসাদ নামের এই দম্পতি খোলা সমুদ্রে সাঁতার কেটে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া প্রথম যুগল হিসেবে বিশ্বরেকর্ড অর্জন করেছেন। গত ৭ মে তাঁরা সফলভাবে এই দুঃসাহসী অভিযান সম্পন্ন করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওইদিন ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে তাঁদের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩২ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে তাঁরা ভারতের তামিলনাড়ুর ধানুশকোদিতে এসে পৌঁছান। ১০ ঘণ্টা ৪৫ মিনিটের এই যাত্রায় তাঁদের সঙ্গে ছিল সহায়ক নৌকা, প্যারামেডিক এবং ভারতীয় কোস্টগার্ডের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সমুদ্রের শক্তিশালী ঢেউ আর প্রবল বাতাসের বাধা পেরিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উত্তাল সমুদ্র বারবার তাঁদের পেছনের দিকে ঠেলে দিচ্ছিল। তবে দীর্ঘদিনের কঠোর প্রস্তুতি আর মানসিক দৃঢ়তা তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। তাঁরা ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী ঐতিহাসিক রাম সেতু রুটটিকে সাঁতারের জন্য বেছে নিয়েছিলেন।
এই দুঃসাহসী যাত্রার দৃশ্য ইনস্টাগ্রামে প্রকাশ করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন দানিশ ও ভ্রুশালি। পানির নিচে থাকা বালুচর বা রাম সেতু রুটের মধ্য দিয়ে পাড়ি দিয়ে তাঁরা প্রমাণ করেছেন যে ইচ্ছা এবং কঠোর পরিশ্রম থাকলে যেকোনো কঠিন কাজ বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এই যুগলের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে।
