খুলনা জেলায় চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটিতে কৃষক প্রতিনিধি হিসেবে মল্লিক আবিদ হোসেন কবির–এর নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবিত কমিটির তালিকায় তার নাম দেখে আপত্তি জানান হুরে জান্নাত। পরে পুরো ফাইলটি সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের উদ্যোগ নেয়। তবে প্রস্তাবিত কমিটিতে রাজনৈতিক পরিচয় থাকা একজন ব্যক্তিকে কৃষক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
জেলা প্রশাসক বলেন, তার সঙ্গে আলোচনা ছাড়াই আগের কাঠামো অনুসরণ করে প্রস্তাব পাঠানো হয়েছিল। কৃষক প্রতিনিধি হিসেবে দেওয়া নাম নিয়ে আপত্তি থাকায় ফাইলটি ফেরত পাঠানো হয়েছে।
অন্যদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর হোসেন জানান, এটি পূর্বের ধারাবাহিকতায় পাঠানো একটি প্রস্তাব মাত্র এবং চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসকের।
ঘটনাটি সামনে আসার পর প্রশাসনিক স্বচ্ছতা ও কমিটি গঠনে রাজনৈতিক প্রভাব নিয়ে স্থানীয় মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
