নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে এই দুর্ঘটনায় কেন্দ্রটির অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লাইন থেকে লিকেজ হয়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা ১২ জন দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
দগ্ধরা হলেন—নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আল-আমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ এবং বদরুল হায়দার। তাঁরা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিরূপণ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।







