দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনে একদিনে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের পদ আগে থেকেই শূন্য ছিল।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো—
বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই নিয়োগ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে। শিক্ষা প্রশাসনে সরকারের এই সিদ্ধান্ত ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।







