লেবানন ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের সংলাপ শেষে এ সিদ্ধান্তে পৌঁছায় উভয় পক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং এতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন।
গত মার্চে ইরানে মার্কিন সামরিক অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননে ব্যাপক সামরিক তৎপরতা শুরু করে ইসরাইলি বাহিনী। প্রায় দেড় মাস ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় লেবানন ও ইসরাইল। সেই চুক্তির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলো।
টমি পিগোট আরও জানান, আগামী ২৯ এপ্রিলের মধ্যে পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে একটি নতুন “নিরাপত্তা লাইন” প্রস্তাব করবেন। সেই প্রস্তাবের ভিত্তিতে আগামী জুনের শুরুতে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবেন লেবানন ও ইসরাইলের প্রতিনিধিরা।
তিনি আশা প্রকাশ করেন, চলমান সংলাপ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক সম্মান নিশ্চিত করা এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
