বিগত দুই দশকে নিজস্ব সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় কাঁচামাল তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হারিয়েছে ইসরায়েল। দেশটির স্টেট কম্পট্রোলারের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, বিদেশের ওপর এই মাত্রাতিরিক্ত নির্ভরতা যুদ্ধের ময়দানে দেশটির জন্য বড় ধরনের অস্ত্র সংকটের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে গত ৭ অক্টোবরের যুদ্ধের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক সরবরাহকারী দেশ ইসরায়েলের ওপর নানা বিধিনিষেধ আরোপ করায় তাদের সামরিক আগ্রাসন পরিচালনার গতি কিছুটা ব্যাহত হয়েছে।
প্রতিবেদনে ইসরায়েলের বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করা হয়েছে, যার মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং নাফতালি বেনেটের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, স্বল্পমূল্যে আমদানির লোভে রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দেয়নি। যার ফলে যুদ্ধের আগেই ইসরায়েলি বাহিনীর অনেক অস্ত্রের মজুদ প্রয়োজনের তুলনায় বিপজ্জনক মাত্রায় কমে গিয়েছিল।
এই সংকটপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন কয়েক বিলিয়ন শেকেল বাজেটের একটি বিশেষ ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ প্রোগ্রাম হাতে নিয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, যাতে ভবিষ্যতে সামরিক সরঞ্জামের জন্য অন্য কোনো দেশের ওপর অতিমাত্রায় মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়।
