সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। পালানোর সময় ওই ছিনতাইকারীকে দেখে ইমন আচার্য তাকে আটকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ইমনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে পুলিশের অভিযানে সহযোগিতা করতে গিয়েই র্যাব সদস্য ইমন আচার্য এই হামলার শিকার হন। ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
