ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিম একদিন ঐক্যবদ্ধ হবে এবং নেতানিয়াহু তার উপযুক্ত জবাব পাবেন।
ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে এরদোগান এসব কথা বলেন। তিনি গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তের এবারের ঈদ দুঃখ ও বেদনার মধ্য দিয়ে পালন করছেন, বিশেষ করে গাজার জনগণ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
এরদোগান বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার কথা হলেও গাজায় চলমান পরিস্থিতি পুরো মুসলিম বিশ্বের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে।
তিনি আরও বলেন, নেতানিয়াহুর মতো শাসকের পরিণতি একদিন মুসলিম বিশ্বই নির্ধারণ করবে। গাজায় ইসরাইলি হামলার শুরু থেকেই তুরস্ক কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন।
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, এরদোগান সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন। সেখানে দুই দেশের সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
