তুরস্ক সিরিয়ান ন্যাশনাল আর্মির যোদ্ধাদের বুরকিনা ফাসো ও নাইজারে মোতায়েন করেছে। আফ্রিকার এই দেশ দুটির বর্তমান শাসকদের সামরিক ও রাজনৈতিক সমর্থন দিতেই আঙ্কারা এই আকস্মিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই-টুয়েন্টিফোর।
এর আগে তুরস্ক পশ্চিম লিবিয়ার ত্রিপোলি–মিসরাতা ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে টিকিয়ে রাখতে এবং সমর্থন দিতে একইভাবে সিরিয়ান ন্যাশনাল আর্মির যোদ্ধাদের ব্যবহার করেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সে সময় ওই তুর্কি সমর্থিত যোদ্ধারা পূর্ব লিবিয়াভিত্তিক খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির অগ্রযাত্রার বিরুদ্ধে সরাসরি মাঠে অবস্থান নিয়েছিল।
আফ্রিকায় তুরস্কের এই সামরিক প্রভাব বিস্তারের প্রক্রিয়ায় শুধু নিয়মিত বাহিনীই নয়, বরং দেশটির বেসরকারি খাতও যুক্ত রয়েছে। এছাড়া তুরস্কভিত্তিক বিতর্কিত বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ‘সাদাত’ বুরকিনা ফাসো ও টোগোতে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে বলেও ইসরায়েলি সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
