ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের লক্ষ্যে সোমবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হলেও গ্রাহকদের আন্দোলনের মুখে তা অনুষ্ঠিত হয়নি। পরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে অনলাইনে সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহকদের তীব্র আপত্তির কারণে অনলাইন বোর্ড সভার উদ্যোগও স্থগিত রাখতে হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইনকে অনলাইনে সভা আয়োজনের জন্য চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ ওঠে।
সোমবার বিকেলে এমডির কার্যালয়ে অবস্থানরত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অনলাইন সভার বিষয়ে আলোচনা করতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রাহকেরা এমডির কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সভা আয়োজন সম্ভব হয়নি।
গ্রাহক ফোরামের নেতারা সাংবাদিকদের বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অনলাইন বোর্ড সভা আয়োজনের জন্য চাপ সৃষ্টি করছেন। তাদের দাবি, ২০১৭ সালে যেভাবে ব্যাংকটির নিয়ন্ত্রণ পরিবর্তন করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিও সে ধরনের উদ্যোগের অংশ হতে পারে। তারা যেকোনো ধরনের পদক্ষেপ প্রতিহত করার ঘোষণা দেন।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন বলেন, গ্রাহকদের দাবির প্রতি সম্মান জানিয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পরও তিনি অনলাইনে বোর্ড সভা আয়োজন থেকে বিরত থেকেছেন।
