চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্য ও স্বজনদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, গত ১ জুন পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে হাসাদাহ বাজারে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর যে অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রতিফলন। হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি ও এমপির শ্যালক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জুবায়ের বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হামলার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করেছে। একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।
তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন চিহ্নিত ব্যক্তি এ হামলার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।







