নৌপরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবার ঘটে যাওয়া একটি বড় দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।
তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে ভয়াবহ এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাসটির চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করে। উদ্ধার অভিযানে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ফেরিঘাটে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে ফেরিতে ওঠার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, যানবাহনের যাত্রীদের আগে নামিয়ে দেওয়া এবং যাত্রীদের জন্য নির্ধারিত পথ ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
