ইসরায়েলের হামলার পর এবার তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে দেশটির বার্তা সংস্থা মেহর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। রাজধানী তেহরানের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। এই হামলার পরই রোববার (৭ জুন) ইরানের পক্ষ থেকে ফ্লাইট স্থগিতের এমন বড় সিদ্ধান্ত আসে।
উল্লেখ্য, রাজধানী তেহরানকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো এই ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল, যা নতুন উত্তেজনার মুখে আবারও বন্ধ হলো।
