যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি সম্পন্ন হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা অবশ্যই মেনে নিতে হবে। এছাড়া তাঁর আর কোনো উপায় থাকবে না।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, সাম্প্রতিক ইরানি হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য আলোচনা ব্যাহত হবে না। তবে আলোচনা যদি কোনো কারণে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ অথবা কঠোর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখতে পারে।
এর আগে ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ব্যবহার করে ফেলেছে, তাই নতুন করে এই অঞ্চলে উত্তেজনা বাড়ানোর আর কোনো প্রয়োজন নেই।
এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পরপরই পুরো ইসরায়েলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়।
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
