রাজধানীর মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৪ নম্বর আসামি সিরাজ এবং ১০ নম্বর আসামি রাকিবুল ইসলাম শিহাব ওরফে গোল্ডেন রাকিব। র্যাবের দাবি, সিরাজই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
বুধবার রাতে র্যাব-৩ এক ক্ষুদেবার্তায় জানায়, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল এই দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এর আগে আরও দুইজনকে আটক করা হয়েছিল। ফলে আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় একটি সালিশ বৈঠকের সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানা শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
।
