সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বাংলাদেশে পৌঁছালে ভারতীয় হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
বেনাপোলে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে দীনেশ ত্রিবেদী জানান, তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে। একই সাথে তিনি বন্ধ থাকা ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার আশ্বাস দেন।
