গাজীপুর মহানগর ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমির চাঁদা চেয়ে ফোনালাপের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সোমবার ফাঁস হওয়া ওই ফোনালাপে তাকে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করতে এবং অকথ্য ভাষায় হুমকি দিতে শোনা গেছে।
ফেসবুকে ফাঁস হওয়া অডিওতে রাতুল শিকদারকে বলতে শোনা যায়, “আপনি আমাকে একদিন দিয়েছেন এক হাজার টাকা, আরেক দিন দিয়েছেন পাঁচশ টাকা। আজকা ভাই দুই-তিন হাজার টাকা দিয়েন। আপনি টাকাটা পাঠাইবেন নাকি, বুঝলাম না। ৮ হাজার টাকাই তো বুঝলাম না ভাই। অফিসের কিন্তু কিছুই বার করতে পারবেন না।”
ফোনালাপে ক্ষুব্ধ কণ্ঠে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ছাত্রদল নেতা আরও বলেন, “আপনি টাইম দিয়েছেন পাঁচটা সাড়ে-পাঁচটা। সাড়ে পাঁচটার পর কয়ডা ফোন দিলাম, ফোন ধরেন নাই বা ব্যাকও করলেন না। আমারে বুঝান ফোন ধরেন নাই কেন? আপনার এত বড় ক্ষমতা, ফোন ধরেন দেহি।”
কথোপকথনের একপর্যায়ে রাজনৈতিক প্রভাবের দাপট দেখিয়ে রাতুল বলেন, “ফোন ধরেন না, আবার আরেকজনের নাম ভাঙ্গান মিয়া। এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া। আপনি সুমন লস্কররে কইয়েন পাপ্পু সরকার না, তারেক রহমানের নাম কইলেও কাজ হইব না।”
তিনি আরও হুমকি দিয়ে বলেন, “বুঝেন নাই, এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না, বুঝেন নাই। এইডা সবই আমার জানা আছে, ফাঁপরে কাম কাজে নাই, আমি ফাঁপরে ডরাই না।”
ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, “আপনি পাপ্পু সরকার, সুমন লস্কর আর কেডা কেডা আছে লইয়া বন এবং কন আমি আইতাছি। কন, আমি একলাই আইমু সমস্যা নাই। আপনি কল ধরেন মিয়া, আপনি কত বড় আমি দেখমু, বুঝেন নাই।”
অডিওর শেষ অংশে তাকে বলতে শোনা যায়, “আপনি আমার রোডে থাইককা পাপ্পু সরকারের কথা কন, ফাইজলামি করেন মিয়া। আপনি কইয়েন বশিরের ভাইস্তায় কইছে এই কথা। আপনি এলাকায় থাকেন আমার, আরেকজনের নাম ভাঙ্গন মিয়া। আপনি তো বড় লোকের নাম কইছেন। কননা কেন কই আছেন, লোকেশন কন, আমি আইতাছি। আপনি কই আছেন কন, আপনার সঙ্গে দেখা করি। আপনি কত বড় হয়ে গেছেন দেখি।”
