পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবিদের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে হিজরি সনের সূচনা করা হয়। মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে হিজরি সন গভীরভাবে সম্পৃক্ত।
তিনি উল্লেখ করেন, হিজরত শুধু স্থান পরিবর্তনের ঘটনা ছিল না; এটি ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায় এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডা. শফিকুর রহমান বলেন, বিদায়ী হিজরি বছরের সব ভুল, ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে নতুন বছরে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় গ্রহণ করতে হবে। বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, হিজরতের ত্যাগ ও কোরবানির শিক্ষা ধারণ করে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, নতুন হিজরি বছর যেন মানুষের জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়পরায়ণতা, সততা ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করে।
বিবৃতিতে তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে সব ধরনের সংকট, অস্থিরতা ও বিভেদ থেকে মুক্ত রাখেন এবং জাতির মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ সুদৃঢ় করেন।
সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে সকল সংকট ও নির্যাতন থেকে হেফাজত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
