বগুড়ার আদমদিঘীতে একটি কিন্ডারগার্টেন স্কুল দখল এবং ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার–এর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ জুন) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কুলটির প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন রেনুকা ও জাহানারা এ অভিযোগ করেন।
তাদের দাবি, ২০১৬ সালে বুলবুল ফারুক আদমদিঘী সদরে ‘বিদ্যাবীথি মডেল স্কুল’ প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি এলাকায় সুনাম অর্জন করে।
পরে কিন্ডারগার্টেন নীতিমালা অনুযায়ী পরিচালনার সুবিধার্থে আব্দুল মহিত তালুকদারকে সভাপতি করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। স্কুলের নামে দুটি ব্যাংক হিসাবও খোলা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি বুলবুল ফারুক মৃত্যুবরণ করেন। তিনি নিঃসন্তান হওয়ায় তার মা ও ভাই-বোনেরা সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হন।
অভিযোগ অনুযায়ী, বুলবুল ফারুকের মৃত্যুর পর আব্দুল মহিত তালুকদার এবং তার ছোট ভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা) স্কুলের ব্যাংক হিসাবের অর্থ উত্তোলন করে নেন।
পরিবারের দাবি, বর্তমানে স্কুলের আয়-ব্যয়সহ সব কার্যক্রম তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং উত্তরাধিকারীদের সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি বলেন, স্কুলের প্রতিষ্ঠাতা বুলবুল ফারুক তার দলের সেক্রেটারি ছিলেন এবং সে সময় তাকে সভাপতি করা হয়েছিল।
তিনি দাবি করেন, বুলবুল ফারুকের মৃত্যুর পর তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানে স্কুলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
টাকা আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, স্কুলের হিসাবরক্ষক নিজেই জানিয়েছেন যে প্রতিষ্ঠানের ফান্ডে এখনও ১৪ লাখ টাকার বেশি জমা রয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, তিনি বর্তমানে জাতীয় সংসদের অধিবেশনে রয়েছেন। এলাকায় ফিরে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
