স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটে বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তাই বিএনপির গণতন্ত্রচর্চা নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালীদাস নদীর ওপর নির্মিত কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলটি একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অন্যদিকে বিএনপি দীর্ঘ ৫০ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটিয়েছেন।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। উভয় দেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখে বিভিন্ন চুক্তি সম্পন্ন হবে এবং বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।
স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাস হয়েছে। এর মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করেছে।
তিনি আরও জানান, দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ঘোষণা দেন, কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠেরপুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এর আগে তিনি উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফরের অংশ হিসেবে দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার।
