জাতীয় সংসদে বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের মধ্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “হান্নান মাসউদ, দয়া করে বসুন। এটা শাহবাগ নয়।”
রোববার জাতীয় সংসদের অধিবেশনে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার। হান্নান মাসউদের বক্তব্যকে ঘিরে সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তিনি সংসদের শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেন।
অধিবেশনে এর আগে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বিসিএস মৌখিক পরীক্ষার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি জানান, বিসিএস ভাইভা পরীক্ষার বর্তমান নম্বর কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে না এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে আনার পরিবর্তে বিদ্যমান ১০০ নম্বরই বহাল থাকবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদে দিনের আলোচনায় একদিকে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যে উত্তেজনা দেখা গেলেও অন্যদিকে প্রশাসনিক সংস্কার ও নিয়োগব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
