বেসরকারি আলিয়া মাদরাসায় সহকারী মৌলভী (কারী) ও ইবতেদায়ী কারী পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনার ফলে কওমি মাদরাসা থেকে শিক্ষালাভকারীরাও এসব পদে আবেদন করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৩ জুন) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, সহকারী মৌলভী (কারী) পদে আবেদনকারীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাক্কিব) বা আলিম (মুজাক্কিব মাহির) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে।
বিকল্পভাবে, সরকার স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত, দারসে কিরাত, কারী বা হাফিজে কুরআন সনদধারীরা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি অর্জন করে থাকলে তারাও এ পদে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, ইবতেদায়ী কারী পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে কওমি মাদরাসার স্বীকৃত ছয়টি শিক্ষা বোর্ডের যেকোনো একটি থেকে ইলমে কিরাত বা হিফজুল কুরআনের সনদ থাকতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে সর্বোচ্চ একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে। এছাড়া উভয় পদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে একই পদে কর্মরত ইনডেক্সধারীদের ক্ষেত্রে এ বয়সসীমা শিথিলযোগ্য।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই যোগ্যতা ও শর্তাবলি অবিলম্বে কার্যকর হবে।
