ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না অভিযোগ করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা সম্প্রতি কংগ্রেসে পাস হওয়া যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ করতে হবে, অন্যথায় তাকে থামাতে প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হবেন তারা।
গত ৩ জুন প্রতিনিধি পরিষদে অনুরূপ একটি বিল পাস হওয়ার পর মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কংগ্রেসের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট অনুমোদন ছাড়া ট্রাম্প ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন না।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অপরদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করেছে।
সূত্র: আল জাজিরা







