সরকারি দলের হুইপ আশরাফ উদ্দিন নিজান গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানান তিনি।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
আশরাফ উদ্দিন নিজান বলেন, গত ১৭ বছরে অনেক বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি নানা সীমাবদ্ধতার মধ্যেও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন এবং টেলিভিশন টকশো ও সেমিনারে অংশ নিয়েছেন। কিন্তু তাদের অনেকেই আজ অবহেলিত ও উপেক্ষিত। তাই তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা এবং রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে নির্যাতন, কারাবাস ও বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হয়েছেন, তাদের জন্য পৃথক পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা উচিত। এতে জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে।
সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হলে সবাইকে সততা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে আশরাফ উদ্দিন নিজান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই বাংলাদেশকে দুর্বল করতে পারবে না।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সংসদে এমন অনেক সদস্য রয়েছেন, যারা অতীতে মৃত্যুদণ্ডাদেশ বা দীর্ঘ কারাবাসের মুখোমুখি হয়েছেন। এটি দেশের রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
