প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (সোমবার) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই সবুজায়ন কর্মসূচি শুরু করা হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে অংশ নেবে দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। বিশেষ কারণে পূর্বনির্ধারিত সকাল ১০টার পরিবর্তে অনুষ্ঠানটি দুপুর ২টায় আয়োজন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। এছাড়া জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারবেন।
এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের উদ্ভাবকদের তৈরি বিভিন্ন স্টল পরিদর্শন করবেন এবং সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
