পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল ভূঁইয়াকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট প্রমাণের ভিত্তিতে রুবেল ভূঁইয়াকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রুবেল ভূঁইয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “দলের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করিনি এবং ভবিষ্যতেও করব না। আইনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।” তিনি আরও সতর্ক করে দেন যে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও একইভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইয়াবাসহ মো. রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়।
