নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশের জাতীয় পতাকা বিকৃত করে আরবি অক্ষরে কালেমা যুক্ত করার পর তা তৈরি ও বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে গতকাল শুক্রবার দুপুরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তারকৃত দুজন হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)। তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় একটি চক্র গড়ে তুলেছিলেন তারা। চক্রের সদস্যরা বাংলাদেশের সবুজ-লাল জাতীয় পতাকাকে বিকৃত করে তার ওপর আরবি অক্ষরে কালেমা লিখে নতুন ধরনের পতাকা তৈরি করতেন। পরে সেসব পতাকা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও পেজের মাধ্যমে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই বিকৃত পতাকা উড়তে দেখা যাওয়ায় পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জাতীয় পতাকাকে বিকৃত করে এভাবে কালেমা সংযুক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। অনলাইনের মাধ্যমে তারা এই বিকৃত পতাকা বিক্রি করছিল। এই ধরনের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পেছনে অন্য কোনো মহলের উসকানি বা নাশকতামূলক উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার মূল রহস্য এবং গভীর তদন্তের স্বার্থে আটককৃত আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
