জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর, আপত্তিকর এবং কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম ও আইনজীবী-মডেল জান্নাতুল পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের নেতারা শনিবার রাতে এই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে নাম থাকা অন্য চারজন হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোমিন মেহেদী, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা এবং ছোট পর্দার পরিচিত অভিনেত্রী শামীমা তুষ্টি। শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
থানার ওসি জানান, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগটি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংগঠনটির সদস্য মিল্লাত হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরবর্তীতে সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে জরুরি আলোচনা শেষে তাঁরা থানায় এই লিখিত অভিযোগ দাখিল করার সিদ্ধান্ত নেন।
লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিভিশনের টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে নিহত শহীদ ও আহতদের নিয়ে অত্যন্ত আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এর মাধ্যমে আন্দোলনের মূল ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আবেদন জানিয়েছেন।







