স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, একজন মানুষ হিসেবে দেখুন। আমি একজন মুক্তিযোদ্ধা।’ সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের মুক্তিযুদ্ধে যাওয়ার আবেগঘন স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশপ্রেমের তাগিদ থেকেই তিনি মায়ের কান্না উপেক্ষা করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘অনেক ভালোবাসা দিয়ে আমার বিধবা মায়ের বুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। মা আমাকে ছাড়তে চাইছিলেন না। আমি বলেছিলাম, আমরা যদি কেউ না যাই, তাহলে দেশটা স্বাধীন করবে কে? সেদিন ভাবিনি আর ঘরে ফিরতে পারব কি না। নয় মাস মায়ের সঙ্গে আমার কোনো দেখা হয়নি। দেশকে ভালোবেসেই যুদ্ধ করতে গিয়েছিলাম।’
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের ভূমিকার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যার পিতা এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি মেজর জিয়ার কথা বলছি। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নিয়েছেন, সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জেড ফোর্সের কমান্ডার হিসেবে দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছেন।’ তিনি আরও যোগ করেন, দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রীর মা-ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন অবদান রেখেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের দিন এক বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে অত্যন্ত বিনয়ের সঙ্গে একটি প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা প্রতি মাসে তাঁর বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে গরিব মানুষের কল্যাণে বা রাষ্ট্রের প্রয়োজনে তা ব্যয় করা যায়। প্রধানমন্ত্রী মন্ত্রীদেরও এই চর্চা অনুসরণের ব্যাপারে চিন্তাভাবনা করার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে নিজের সততা ও দায়বদ্ধতার উদাহরণ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মন্ত্রী হিসেবে তাঁর মূল বা বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। প্রধানমন্ত্রীর বাবার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসে তাঁর অ্যাকাউন্ট থেকে বেতনের ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা তিনি তুলে সরাসরি সরকারি তহবিলে জমা দিয়ে দিচ্ছেন।
