তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে লালগালিচায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের শুভেচ্ছা বিনিময়ের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, শুভেচ্ছা বিনিময়ের সময় ম্যাক্রোঁ এমিনে এরদোয়ানের হাতে চুম্বন করার জন্য এগিয়ে গেলে তিনি হাত সরিয়ে নেন। এরপর উভয়েই স্বাভাবিকভাবে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন। এ সময় ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁও উপস্থিত ছিলেন।
ইউরোপের নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ন্যাটো নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকের আগে এ ঘটনাটি ঘটে। ভিডিওটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
