চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, কারখানার বহুতল ভবনটি থেকে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাণ বাঁচাতে ভবনের ছাদে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছিলেন বলেও জানা গেছে।
এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক শোকবার্তায় বলেছেন, জুতা কারখানার এই অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জিনজিয়াং শহরের ‘হুইতেং ফুটওয়্যার কারখানায়’ এই আগুনের সূত্রপাত হয়। ফুজিয়ান প্রদেশের এই জিনজিয়াং শহরটিকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়, যা দেশটির অন্যতম বৃহৎ জুতা উৎপাদন ও রপ্তানি কেন্দ্র।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কারখানার ভেতর আটকে পড়াদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রায় ৫০০ উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। কারখানা এলাকায় এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
