সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ জামালগঞ্জ উপজেলা বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমরান হোসেন রুবেল (৪৮) জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে এবং বর্তমানে জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি হলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)। গ্রেপ্তারের সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবার ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মন্তব্য করতে গিয়ে বলেন, “ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।” তিনি আরও জানান, দলীয়ভাবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।







