ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং সামগ্রিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় ‘বোঝা ও হুমকি’ বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আবু ধাবিভিত্তিক গণমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।
হাকান ফিদান বলেন, নেতানিয়াহু সরকারের আগ্রাসী নীতি ও রাজনৈতিক অবস্থান বিশ্বমঞ্চে ইসরায়েলের নিজের জন্যই এখন বড় দায় হয়ে দাঁড়িয়েছে। গাজা ও আঞ্চলিক সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে পর্যাপ্ত আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের ওপর তীব্র ও কার্যকর বিশ্বচাপ বাড়ানোর জন্য বিশ্বনেতাদের প্রতি জোর দাবি জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের পরেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি শেষ পর্যন্ত ‘টিকে থাকতে পারে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করেন, সম্প্রতি প্রণালী পারাপার সংক্রান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা ভুল বোঝাবুঝি হলেও ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই আন্তরিকভাবে উত্তেজনা কমাতে এবং শান্তি চুক্তি নিয়ে এগিয়ে যেতে আগ্রহী।
আঞ্চলিক ভূ-রাজনীতিতে আঙ্কারার মধ্যস্থতাকারী ভূমিকার কথা উল্লেখ করে হাকান ফিদান বলেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংঘাত এবং জটিল সমীকরণগুলো বোঝার ক্ষেত্রে তুরস্কই বর্তমানে ‘সবচেয়ে সুবিধাজনক অবস্থানে’ রয়েছে। প্রতিটি পক্ষের গতিশীলতা ও মনস্তত্ত্ব তুরস্কের জানা থাকায় চলমান সংকট সমাধানে দেশটিকে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে দাবি করেন তিনি।
