রাজধানী ঢাকায় রাতভর টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীসহ সাধারণ মানুষ। একই সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে আজও দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রোববার সকালে ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। এ সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
