প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম ১৩ জন বিদেশি নেতার ছবি প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইউরোপের কয়েকজন শীর্ষ নেতা।
এদিকে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ সময় রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত ইরানি সংবাদমাধ্যম হামশাহরি একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে, যেখানে ১৩ জন বিদেশি নেতাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরা হয়েছে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, “প্রতিশোধ আমাদের জাতির অঙ্গীকার এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। যারা এই অপরাধে জড়িত, তারা শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে না।” যদিও তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে ‘তালিকা’ থাকার ইঙ্গিত দেন।
এর কিছুক্ষণ পর হামশাহরির অনলাইন সংস্করণে তার বক্তব্যের সঙ্গে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। সেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের ১৩ জন নেতার ছবি স্থান পায়। তবে এই তালিকাটি ইরানের সরকার বা রাষ্ট্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও গণমাধ্যমটি তেহরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
প্রকাশিত ছবিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইনফোগ্রাফিকটি অনলাইনে প্রকাশ করা হলেও রোববারের মুদ্রিত সংস্করণে সেটি ছিল না। পূর্ণাঙ্গ যুদ্ধ চলাকালে ইরান অভিযোগ করেছিল, কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধে সহযোগিতা করেছে। তাই এসব দেশকেও ওয়াশিংটনের মিত্র হিসেবে বিবেচনা করছে তেহরান।
