চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ঢুকে দিনে-দুপুরে তাণ্ডব চালানো সশস্ত্র দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি না, তা নিয়েও গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর চরম অনাস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।’
একই সঙ্গে চট্টগ্রামের ওই দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার পেছনে প্রভাবশালী মহলের মদদ রয়েছে ইঙ্গিত করে জামায়াত আমির প্রশ্ন রাখেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের রাজনৈতিক পরিচয় আড়াল না করে দ্রুত আইনের মুখোমুখি করার দাবি জানান তিনি।







