২০২৪ সালের ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে হলগুলো থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পালিয়ে যেতে বাধ্য হয়। সায়েন্স অ্যারিয়ার শিক্ষার্থীদের সেই প্রতিরোধ আন্দোলন পরবর্তীতে আগুনের স্ফুলিঙ্গের মতো গোটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের সেই স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ধারাবাহিকতায় পরবর্তীতে মেয়েদের হল, মল চত্বর ও হল পাড়া এবং সর্বশেষ স্যার এ. এফ. রহমান হল থেকেও ১৭ই জুলাই ভোরের আলো ফোটার আগেই ছাত্রলীগ পুরোপুরি বিতাড়িত হয়। ১৭ই জুলাই সকাল হতেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণভাবে ছাত্রলীগমুক্ত হয়ে ওঠে, যা ছিল শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম একটি বড় বিজয়।
সাধারণ শিক্ষার্থীদের সেই ঐতিহাসিক প্রতিরোধ, বীরত্ব ও ক্যাম্পাসকে দখলদারিত্বমুক্ত করার গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আগামী ১৭ই জুলাই এই স্মরণে “লীগ ধর ম্যারাথন ২০২৬” নামক একটি বিশেষ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ই জুলাই ২০২৬, রোজ শুক্রবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণ থেকে এই ম্যারাথনটি শুরু হবে। ঐতিহাসিক এই প্রতিরোধ দিবসকে উদযাপন করতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।







