শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও রাস্তা অবরোধের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হয়তো শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দিন নাছির বলেন, ‘শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি তাঁর মেয়েকে বলেছেন এখনকার বৃষ্টির মধ্যে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে। এটি তিনি বলেছেন। আমাদের মনে হয়েছে, শিক্ষার্থীরা হয়তো শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যে বিভ্রান্ত হচ্ছে।’
ছাত্রদল সাধারণ সম্পাদক উল্লেখ করেন, সারা দেশে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবি জানিয়েছে, তার প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদল আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের পদ্ধতির বিষয়ে ভিন্নমত প্রকাশ করে নাছির উদ্দিন নাছির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বলেছি প্রতিনিধি নির্বাচন করে আমাদের কাছে আসতে, যাতে আমরা তাদের সঙ্গে নিয়ে বিষয়টি সমাধান করতে পারি। কিন্তু তারা রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছে। যেহেতু দাবিগুলো পর্যায়ক্রমে মানা হচ্ছে, তাই এই পরিস্থিতিতে রাস্তা অবরোধ করার প্রয়োজনীয়তা আমরা দেখছি না।’
উল্লেখ্য, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও পরীক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।







