জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আবার ফ্যাসিবাদ ফিরে এলে বাংলাদেশপন্থিরা পুনরায় রাজপথে নামবে। তিনি অভিযোগ করেন, দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে জনগণ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে।
মঙ্গলবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, যে আন্দোলনে ১,৪০০ শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, সেই আত্মত্যাগের সঙ্গে বর্তমান সরকার প্রতারণা করছে। ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে। তার দাবি, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে দলীয়করণ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণ রাজপথে না নামলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতো। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার নির্বাচনের আগে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বরং বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি না করে তাদের বিপথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে হাসনাত বলেন, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। সংবিধান আংশিকভাবে মেনে নেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আসা উচিত। তিনি দাবি করেন, যিনি সংকটের সময় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে যান, তার ফিরে আসার সাহস থাকবে না।
এছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপির কিছু মন্ত্রিপরিষদ সদস্য তারেক রহমানকে ভুল পথে পরিচালিত করছেন এবং এ বিষয়ে সতর্কবার্তাও দেন।
মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, সিরাজদিখান উপজেলা প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভা শেষে আলী নেওয়াজকে সিরাজদিখান উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।







