জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা মানুষের মন থেকে মুছে ফেলার অপচেষ্টা চলছে। তবে হাজারো শহীদের আত্মত্যাগ, আহত-পঙ্গু মানুষের ত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া লাখো মানুষের কারণে সেই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
বুধবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আখতার হোসেন বলেন, বহু মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের আন্দোলনকে খাটো করে দেখানোর এবং মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ইতিহাস জনগণের চেতনায় অম্লান হয়ে থাকবে।
তিনি বলেন, বাক্স্বাধীনতার নামে অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির প্রবণতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও জুলাইয়ের প্রশ্নে সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে আইনের বাইরে রাখা যাবে না। তাঁদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনের বাইরে ভিন্ন কোনো রাজনৈতিক বাস্তবতা কল্পনা করাও কঠিন হয়ে উঠেছিল। তবে জুলাইয়ের গণ-অভ্যুত্থান সেই ধারণাকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীরা সে সময় অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির শৃঙ্খলা বিভাগের প্রধান ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
