হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ধারার সাতটি ইসলামি দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরীসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন ইসলামি দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান অংশ নেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়াসহ অনেকে।
সভায় অংশ নেওয়া সাতটি দলের নেতারা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে চলার বিষয়ে মতৈক্যে পৌঁছান। তারা পারস্পরিক সমন্বয় বজায় রেখে ইসলামি স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, অসংখ্য মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সংগঠনের জেলা ও উপজেলা শাখাগুলোকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
