গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ‘জয়বাংলা’ উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
লিখিত বক্তব্যে শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথযাত্রা ও পথসভায় বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘জয়বাংলা’ বলে ফেলেন।
তিনি বলেন, এটি সম্পূর্ণ অসাবধানতাবশত উচ্চারিত হয়েছে এবং এতে কোনো ধরনের উদ্দেশ্য ছিল না। ঘটনাটিকে তিনি নিছক মুখ ফসকে বলা একটি ভুল হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী, দলের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষাংশে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণ করেন।
